টেকসই অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার অর্জন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এশিয়ার শীর্ষস্থানীয় আর্থিক প্রকাশনা ‘দ্য অ্যাসেট’ থেকে প্রতিষ্ঠানটিকে ‘প্রজেক্ট ফাইন্যান্স হাউস অব দ্য ইয়ার’ এবং পাবনার সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য ‘রিনিউঅ্যাবল এনার্জি ডিল অব দ্য ইয়ার’ পুরস্কার দেয়া হয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ইডকলের পক্ষে এ জোড়া পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অ্যাডভাইজরি সার্ভিসেস বিভাগের এভিপি সাজ্জাদ হোসেন। এশিয়াজুড়ে টেকসই অবকাঠামো ও প্রকল্প অর্থায়নে নেতৃত্ব দেয়া শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এ ‘ট্রিপল এ সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডস’ দেয়া হয়।
ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ ‘দ্য অ্যাসেট’ ও সব অংশীজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ আন্তর্জাতিক পুরস্কারগুলো টেকসই অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ইডকলের নিরলস কাজেরই প্রতিফলন। আমাদের এ প্রচেষ্টা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতাকে আরো শক্তিশালী করছে।