সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে বাস করব: সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দায়িত্ব নেয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আগামী প্রজন্ম যেন কোনো বদঅভ্যাসের দাস না হয়, সেদিকে অভিভাবকদেরও নজর রাখতে হবে

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আদিবাসী, বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে অন্যায়, অনাচার ও দখলদারির বিরুদ্ধে সোচ্চার ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাদার কার্লো মেনাপেচ ও জুলিও বেরুত্তী (পীমে) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খিদিরপুর ফাদার কার্লো মেনাপেচ ও জুলিও বেরুত্তী (পীমে) স্মৃতি ফুটবল উদযাপন কমিটি এ আয়োজন করে।

মন্ত্রী বলেন, কোনো ধরনের সমস্যা হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় আদিবাসী নেতাদের জানাতে হবে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানে তারা পাশে থাকবেন।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দায়িত্ব নেয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আগামী প্রজন্ম যেন কোনো বদঅভ্যাসের দাস না হয়, সেদিকে অভিভাবকদেরও নজর রাখতে হবে।

মাদকাসক্তিকে বড় সমস্যা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদকাসক্তির কারণে নানা শারীরিক জটিলতা তৈরি হয় এবং একপর্যায়ে আক্রান্ত ব্যক্তি নিজের ও পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন।

খেলা উদযাপন কমিটির সভাপতি আলবেরিকুশ খালকোর সভাপতিত্বে অনুষ্ঠানে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, খিদিরপুর উপধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার নিকোলাশ বেসরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও