জিএমপি কমিশনার

মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স

নগরীতে ছিনতাই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশের জিরো টলারেন্স। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারি-চালিত অটোরিকশাকে উঠতে দেয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যে সকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে একশ মিটার দূরে যাত্রী উঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদ উপলক্ষে বাসের ভাড়া বেশি নেয়া হলেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএমপি কমিশনার বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘুরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরইমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। অবৈধ পার্কিং সরিয়ে দেয়া হয়েছে। যানবাহন চলাচলের শৃঙ্খলা আনয়নে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।

নগরীতে ছিনতাই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশের জিরো টলারেন্স। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি। গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাইয়ে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও