চার দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাশেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাশেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার (১৪ আগস্ট) ঢাকায় পা রাখবেন মিশেল। ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। জাতিসংঘের প্রথম কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশ সফর এটি। 

মিশেল ব্যাশেলেকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সফর বাংলাদেশের জাতীয় দৃষ্টিভঙ্গি এবং মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

জাতীয় পরিপ্রেক্ষিতে মহামারী এবং অন্যান্য ক্রমবর্ধমান সংকটের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মতো প্রতিবন্ধকতাকে যথাযথভাবে বিবেচনার বিষয়টিও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরো বলা হয়, মানবাধিকার পরিস্থিতিতে বাংলাদেশের অর্জন সম্পর্কে অবহিত আছেন মিশেল ব্যাশেলে।

এ সফরে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, সিএসও নেতা ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা জানাবেন তিনি।

কক্সবাজার সফরে মিশেল ব্যাশেলে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের এজেন্ডা জোরদার করার জন্য সুনির্দিষ্ট তথ্য পাবেন তিনি।

 

আরও