নাটোরের বড়াইগ্রামের সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পরে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, গতকাল পহেলা বৈশাখের সাজগোজ করে পাশ্বর্বতী দাদি বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয় মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে জুঁই। পরবর্তীতে বিকালে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। আজ সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার ভুট্টা খেতে এক কন্যা শিশুর মুখ পোড়ানো ও বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ শনাক্ত করে।
তিনি জানান, অপরাধের ঘটনাস্থল পাবনার মধ্যে হওয়ায় সেখানকার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এছাড়া নিহত শিশুকে ধর্ষণের পর মুখ এসিড দিয়ে ঝলসে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।