বাগেরহাটের শরণখোলায় পাপিয়া আক্তার (৩৮) নামের এক নারী ও তার মেয়ে ছাওদা জেনিকে (৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
হত্যার শিকার পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী এবং ধানসাগর এলাকার আবুল হোসেন খলিফার মেয়ে। ছাওদা জেনি পাপিয়া আক্তার ও আবু জাফর দম্পতির মেয়ে। তাদের আরো একটি ছেলে রয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মা-মেয়েকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। আহত অবস্থায় শিশু ছাওদা জেনিকে তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পাপিয়া আক্তারকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাপিয়ার পরিবারের দাবি, স্বামীর সঙ্গে বিরোধ থাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি একরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা থানার ওসি একরাম হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করছে।