দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪-তে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪, চট্টগ্রাম বিভাগে ১৬৭, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন রয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২৯২, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ ও সিলেট বিভাগে নয়জন নতুন রোগী ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৬১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
এর আগে ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ ছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।