সারা দেশে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের ও একজন খুলনা বিভাগের। এ সময়ে হাম ও হামের উপসর্গে হাসপাতাল ভর্তি হয়েছে ১ হাজার ২৫৭ শিশু।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৫ জন।
সবচেয়ে কম হামের উপসর্গ ও নিশ্চিত হাম রোগী রংপুর বিভাগে। এ বিভাগে ১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৬৫টি শিশু মারা গেছে।
এছাড়া এ পর্যন্ত নিশ্চিত হামে ২০ হাজার ৭৩৮ জন এবং সন্দেহজনক হামে এক লাখ ৮২ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছে।