এখনো মানুষ প্রশ্ন করছে না, বরং কাজ শুরু করতে সহযোগিতা করছে: পানিসম্পদমন্ত্রী‎‎

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছে, আমরা মানুষের কাছে ওয়াদাবদ্ধ। মাত্র ৫ মাস হয়েছে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করেছি। যখন এক বছর-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে এ জবাবদিহিতাগুলো আশা করবে। এখনো সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করছে না, তারা সহযোগিতা করছে কাজগুলো শুরু করতে। কিন্তু সময় যেতে বেশি সময় লাগবে না।

আজ শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত পৌর শহরের লামচরী এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লামচরী জামে মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে যত জায়গায় গিয়েছি, সাধারণ মানুষ বক্তব্য শুনেছি- প্রচুর জলাবদ্ধতা, আশেপাশের রাস্তাঘাট বেহাল দশা এবং রাস্তাগুলো সরু। আমরা নির্বাচিত হওয়ার পর এক মাসের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইন, ফোর লাইনসহ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছি। অনেকেই বলতে পারেন, এগুলো অনেক আগের প্ল্যান ছিল। আমরা বলব, প্ল্যান তো অনেক থাকে, কিন্তু কাজটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে দৃশ্যমান করাই আসল ব্যাপার। প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরবাসীর জন্য খুবই আন্তরিকতা দেখিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

লক্ষ্মীপুর পৌরসভার কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বলেন, এ পৌরসভার কার্যক্রম আমরা এখনো ভালোভাবে নিতে পারিনি। নির্বাচন হলে একজন মেয়র আসবে। কিন্তু পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকতাদের দৃশ্যমান কোনো কাজ আমার চোখে পড়ে না। সুযোগ থাকা স্বত্বেও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। রাস্তা বলেন, জলাবদ্ধতা বলেন, পানি নিষ্কাশনের ড্রেন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ময়লা-আবর্জনা, রাস্তা সংস্কারমূলক কাজ বলেন, কোনো কাজেই নাগরিকদের সহযোগিতা করছে না পৌরসভা।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী বলেন, পৌরসভায় যিনি প্রশাসক, সচিব ও ইঞ্জিনিয়র আছেন, তাদের সঠিক পরামর্শ দেয়া এবং কোনোভাবে যেন লক্ষ্মীপুর পৌরসভায় কোনো ধরনের দুর্নীতি না হতে পারে সেদিকে বিশেষ নজর দিতে তাগিদ দেন তিনি।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, এড. সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ প্রমুখ।

আরও