শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণসহ জেদ্দাফেরত যাত্রী আটক

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দ করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণের গহনাসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। জব্দ করা স্বর্ণের গহনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস যৌথভাবে তল্লাশি চালায়।এ সময় যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকারের ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করা হয়। অভিযানে ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দ করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

আরও