জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় আট দফা দাবিতে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন সহপাঠীরা। শিক্ষকদের অবহেলা ও মানসিক চাপের অভিযোগ তুলে নিখোঁজ হওয়ার আগে নিজের কক্ষে চিরকুট রেখে যান তিনি। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীর সন্ধান ও কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
চিরকুটে শিক্ষকদের বিরুদ্ধে অবহেলা ও দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখার অভিযোগ করেছেন তিনি। সহপাঠীরা জানান, স্নাতক ফাইনালে একটি কোর্সে অকৃতকার্য হলে সেটির বিশেষ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন মোহাইমিনুল। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরও সঠিক সময়ে তিনি বিশেষ পরীক্ষায় বসতে পারেননি। এমনকি একই ব্যাচের সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষায় বসার কথা থাকলে সেটি অনিশ্চয়তায় পড়ে যায়। এ বিষয়ে বিভাগের শিক্ষকদের কাছে বারবার ধরনা দিতে হয়েছে তাকে।