সিলেট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৫৪ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে সিলেটের সমাবেশ। স্থানীয় বিএনপি নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নির্বাচনী প্রচারের বাইরেও প্রায় ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জড়িয়ে আছে আবেগও। সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের আগমনে সিলেটের আজকের সকালটা হয়ে উঠেছে অন্যরকম। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
দলীয় প্রধানের দৃষ্টি কাড়ার জন্য আলিয়া মাদ্রাসা মাঠসহ নগরীজুড়ে বিএনপি নেতাকর্মীরা লাগিয়েছেন ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন। প্রস্তুত রয়েছে মঞ্চ। গতকাল বুধবার রাত থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সংসদীয় আসন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সিলেটে এসেছেন। তারা আলিয়া মাদ্রাসা মাঠে রাত্রিযাপন করেন। এই জনসভায় তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
জনসভায় যোগ দিতে গতকাল বুধবার রাত ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে আসেন। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থান করে সিলেট বিমানবন্দর সংলগ্ন হোটেলে ফেরেন।
বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে তারেক রহমান নিজেও সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন।