কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।
পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কলেজ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা গত ৩ নভেম্বর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।