দেশের বিভিন্নস্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার কাউন্সিলের ষষ্ঠ অধিবেশনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস কাউন্সিল মনে করে, কোনো সাংবাদিক বা সংবাদ প্রতিষ্ঠান সম্পর্কে কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানানোর সুযোগ রয়েছে। কিন্তু দায়িত্বশীল পদে কর্মরত অনেকে সেই আইনি পথে না গিয়ে সাংবাদিকদের বিভিন্নভাবে লাঞ্চিত করছেন। কেউ কেউ সাংবাদিকদের শারীরিকভাবেও হেনস্তা করছেন। এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।
এ ধরনের বেআইনি ও অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।