নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বাজারজাত পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুরু হয়েছে ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের খাদ্য শিল্পের বিকাশে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। বিপুল সম্ভাবনাময় খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পকে এগিয়ে নিতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগিয়ে দেশের খাদ্যপণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।’
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আফরোজা খানম বলেন, ‘দেশের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে অবস্থান সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।’
তার ভাষ্য, বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর মতো আয়োজন উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে দেশের খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য নতুন ব্যবসা ও রফতানি সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রদর্শনীতে অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
বাপা সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। এছাড়া এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।