মুন্সিগঞ্জে স্কুলছাত্রী জেসি হত্যায় প্রেমিক রিমান্ডে

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর দশম শ্রেণীর ছাত্রী জেসিকা মাহমুদ জেসি (১৬) হত্যা মামলার প্রধান আসামি প্রেমিক বিজয় রহমানকে তিনদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর দশম শ্রেণীর ছাত্রী জেসিকা মাহমুদ জেসি (১৬) হত্যা মামলার প্রধান আসামি প্রেমিক বিজয় রহমানকে তিনদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকাল ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর বিচারিক আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর ফাঁড়ির পরিদর্শক এসএম শফিকুল ইসলাম। শুনানি শেষে তিনদিনের রিমান্ড আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে গ্রেফতার বিজয়কে হস্তান্তর করে র‍্যাব।

স্কুলছাত্রী জেসি হত্যায় অভিযুক্ত বিজয়কে শনিবার রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের আগে সে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদীখানে তার এক বন্ধুর বাড়িতে চারদিন, ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন ও সর্বশেষ রাজধানীর ওয়ারী এলাকায় আরেক বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয় বিজয়।

গতকাল দুপুরে ঢাকার কারওয়ানবাজারে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় তিনি জানান, শনিবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩-এর একটি দল রাজধানীর ওয়ারী এলাকা থেকে জেসি হত্যার আসামি বিজয় রহমানকে (২২) গ্রেফতার করে। বিজয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

নিহত জেসি মুন্সিগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও এলাকার প্রবাসী সেলিম মাহমুদের মেয়ে। সে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের দশম শিক্ষার্থী ছিল। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে জেসিকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে প্রেমিক বিজয় রহমান ও তার কথিত স্ত্রী আবিদা। পরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা সাজায়।

আরও