বার্ষিক বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের জিরানী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার শ্রমিক তাদের সঙ্গে শামিল হওয়ার জন্য সেসব কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। নিরাপত্তার কথা ভেবে ওইসব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের বার্ষিক বেতন ৯ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপনের ভিত্তিতে অনেক কারখানায় তা বাস্তবায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করেন এবং ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে প্ররোচিত করেন। ফলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, ‘আগে যারা চাকরি পেয়েছেন, তারাও শ্রমিক। যাদের সাত-আট মাস হয়ে গেছে, তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বাড়ানো হলে আমাদেরও বাড়াতে হবে।’
একই দাবি জানিয়ে কয়েকজন শ্রমিক বলেন, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদেরও বেতন বাড়াতে হবে। বেতন না বাড়ালে আন্দোলন চালিয়ে যাব।
এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘বার্ষিক বেতন বাড়ানোর দাবিতে আইরিশ কারখানার শ্রমিকরা সকালে জিরানী এলাকায় বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দিলে দুপুরে তারা চলে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’