বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে আত্মহত্যা প্রতিরোধমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)। তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মননশীলতা ও ইতিবাচক চিন্তার বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ—দুটি বিভাগে আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অর্জিত পয়েন্ট ও চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে প্রতি বিভাগের সেরা ১০ জন দাবাড়ুকে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮ হাজার, ৬ হাজার ও ৫ হাজার টাকা দেয়া হয়। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পান ৩ হাজার টাকা করে। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের দেয়া হয় পদক।
বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। ৬ পয়েন্ট নিয়ে প্রথম রানারআপ হন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন অমিত বিক্রম রায়। এ বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেন যথাক্রমে এ এসএম সয়েব রেজা, তানভীর আলম, তাহমিদুল হক, মাইনুল আলম, রাকিবুল হাসান ইমন, মো. রাইসান ইসলাম রাতুল ও আবরার রহমান।
স্কুল-কলেজ বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। ৬ পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মো. আজমাঈন পারভেজ সায়র এবং ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সাফায়াত কিবরিয়া আজান। এ বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেন যথাক্রমে সিয়াম চৌধুরী, শাদাত কিবরিয়া আয়ান, আজরাফ আনান, আওসাফ চৌধুরী, মুহতাদি তাজওয়ার নাশীদ, রাইয়ান সায়েদী ও মোহাম্মদ মাহীন রহমান।
বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান, ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি ফারিহা সুমনা।