চার জেলায় দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আগুন

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে পার্কিং করা বা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেছে।

দেশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা যানবাহনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে পার্কিং করা বা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ‘নিউ ক্ল্যাসিক্যাল’ নামের একটি লোকাল বাসে গত শনিবার মধ্যরাতে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গত শনিবার দিবাগত রাতে আগুন লাগে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ট্রাকের চালক বা সহকারী কাউকে পাওয়া যায়নি। আগুনের উৎস এখনো অজানা।

ময়মনসিংহ: নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ‘সৌখিন পরিবহন’ নামের একটি বাসে গত শনিবার দিবাগত রাতে আগুন লাগে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ফরিদপুর: করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি জব্দকৃত বাসে গত শুক্রবার রাতে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ ভস্মীভূত হয়। বাসটিতে ব্যাটারি বা দাহ্য পদার্থ না থাকায় শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ করে কর্তৃপক্ষ একে পরিকল্পিত নাশকতা দাবি করেছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও