গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে পড়ে থাকা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি বিকাশ-মনিহারির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।