টাঙ্গাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ন্যায্য মূল্যে ১০ লাখ পরিবারকে দেয়া হবে ডিম, দুধ ও মাংস

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের জেলাপর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।’

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জেলায় প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, ‘সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।’

এছাড়া পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে বসে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

আরও