ইউনাইটেড হেলথকেয়ারের সংবাদ সম্মেলন

রোবোটিক সার্জারিতে রক্তপাত ও ব্যথা কম, দ্রুত বাড়ি ফিরতে পারেন রোগী

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান বলেন, ‘রোবোটিক সার্জারি চালুর জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) থেকে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় গাইডলাইন ও অনুমোদন পাওয়া গেছে।’

বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের তত্ত্বাবধানে সোমবার দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে ইউনাইটেড হেলথকেয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় রোবোটিক সার্জারিতে রক্তপাত ও ব্যথা কম হয়। রোগীও দ্রুত বাড়ি ফিরতে পারে।

দুটি অস্ত্রোপচারের মধ্যে একটি ছিল গলব্লাডার অপসারণ (কোলেসিস্টেকটমি) এবং অন্যটি জরায়ু অপসারণ (হিস্টেরেকটমি)। উভয় অস্ত্রোপচারই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীরা সুস্থ আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান বলেন, ‘রোবোটিক সার্জারি চালুর জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) থেকে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় গাইডলাইন ও অনুমোদন পাওয়া গেছে।’ অনুমোদন পাওয়ার পর প্রস্তুত থাকা সার্জন, গাইনিকোলজিস্ট, কার্ডিয়াক সার্জন, ইউরোলজি বিশেষজ্ঞ, অ্যানেস্থেশিয়া টিমসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে গতকাল দুটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। প্রথম অস্ত্রোপচারটি ছিল গলব্লাডার অপসারণ। এটি করেন অধ্যাপক ডা. রফিকুল সালেহীন। দ্বিতীয় অস্ত্রোপচারটি ছিল জরায়ু অপসারণ, যা করেন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)। দুই রোগীই বর্তমানে ভালো আছেন এবং তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী একজন পুরুষ রোগীর ওপর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন। অন্যদিকে অধ্যাপক ডা. সামছাদ জাহান জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী নারীর ওপর সফল রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করেন। অত্যাধুনিক Medbot Toumai Endoscopic Surgical Robot-এর সহায়তায় এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় এ দুটি সার্জারি সম্পন্ন করা হয়।

অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান আরো বলেন, ‘রোবোটিক সার্জারির অন্যতম সুবিধা হলো ছোট আকারের ইনসিশন, কম টিস্যু ট্রমা, কম রক্তপাত ও অস্ত্রোপচারের পর কম ব্যথা। ফলে রোগী দ্রুত বাড়ি ফিরতে পারেন। তবে রোবোটিক সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় ব্যয় বেশি হয়। রোবোটিক সার্জারি চালুর পর প্রথম পর্যায়ে খরচের বিষয়টির চেয়ে মানসম্মত ও নিখুঁত অস্ত্রোপচার নিশ্চিত করাকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

অনুষ্ঠানে অধ্যাপক ডা. একেএম মহসিন বলেন, ‘দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া মানুষের চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।’ তার মতে, বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতার অন্যতম কারণ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সার্জারি বিভাগের প্রধান ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. সামছাদ জাহান, কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোফাসসাল উদ্দীন আহমেদ এবং সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. মোহাম্মদ ইমরানুল হক।

আরও