খাগড়াছড়ির মহালছড়ির বাজারে আগুনে পুড়েছে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মূল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকার রয়েছে জানা গেছে স্থানীয় সূত্রে।
আগুন লাগার ১ ঘণ্টার মধ্যে (রাত ১টা ৩৮ মিনিট) নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নিতে পারেনি কেউই। আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। অবশেষে সেই বৃষ্টিতেই বাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে, বাজারের আশপাশে জনবসতি ও বসতবাড়ি রয়েছে। তীব্রতার কারণে সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, বাজারে মসজিদের সামনে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কাজ করা হয়নি। ঐ সময়ে আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে বৃষ্টির ওপর নির্ভর হয়ে পড়েন সবাই।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে প্রচুর বৃষ্টি, সরু সড়ক ও স্পিড ব্রেকার থাকায় যেতে বেগ পেতে হয়েছে।
তিনি আরো বলেন, রাত ১২ টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পান তারা। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১ টা ৩০ মিনিটের দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাটিরাঙা উপজেলা থেকে একটি এক হাজার লিটার পানির ট্যাংকের গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এরমধ্যে বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পান জানিয়েছেন সহকারী পরিচালক। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজ খবর নিয়ে জানাবেন বলেছেন সহকারী পরিচালক জাকির হোসেন।