টানা ২২ দিন পর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেদের মধ্যে। রোববার রাতেই সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরতে শুরু করে দিয়েছেন ঝালকাঠির জেলেরা। ইলিশ আহরণ শুরু হওয়ায় বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।
গতকাল স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় দাম কম সব ধরনের মাছের। বাজারগুলোয় ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিতে, মাঝারি আকারের ৭০০ এবং এক কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম পড়ছে ১ হাজার ৩৫০ টাকা। বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে বেড়েছে মাছের সরবরাহ। এ কারণেই দামও কিছুটা কম।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রজনন মৌসুমে ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, এজন্য সরকারের দেয়া নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হয়েছে। ডিম ছেড়ে ইলিশ এখন সাগরমুখী হয়েছে। এর সুফল জেলেরা উপভোগ করবেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছের দামও কমেছে।’