সমাজ থেকে মাদকের সমস্যা নির্মূল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘মাদক সমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে বড় সমস্যা তৈরি করছে। এ সমস্যা দূর করতে শিক্ষাকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদকের সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে।’
গতকাল বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে ড. মিলন বলেন, ‘শিক্ষকরা হচ্ছেন শিক্ষার্থীদের পরম অভিভাবকতুল্য। প্রতিজন শিক্ষককে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো স্নেহে আগলে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় অংশ নেয়। সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করীম ‘কুমিল্লা কনসেপ্ট’-এর মূল রূপরেখা তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক প্রমুখ।