মিরপুরের ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

প্রশাসক বলেন, হকাররা সমাজেরই অংশ। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। হকারদের জন্য হলিডে মার্কেট চালুরও পরিকল্পনা রয়েছে।

রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

সোমবার ( ২ নভেম্বর) ডিএনসিসি’র সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় হকারদের পুনর্বাসনের দাবিতে প্রতিনিধিদল প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।

প্রশাসক বলেন, হকাররা সমাজেরই অংশ। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরা এলাকায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। হকারদের জন্য হলিডে মার্কেট চালুরও পরিকল্পনা রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের সেখানে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি বলেন, বিকল্প স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতারাও আসবেন এবং বেচাকেনা ভালো হবে। তবে বিকল্প স্থানে দোকানগুলো নিজস্ব কাঠামোর ওপর পরিচালিত হবে; কোনো চৌকি বসানো যাবে না।

ফুটপাত থেকে হকার উচ্ছেদের কারণ ব্যাখ্যা করে ডিএনসিসি প্রশাসক বলেন, বাধ্য হয়েই অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। কিছু সিন্ডিকেট ও হকারের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তারা ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল করে রেখেছিলেন, ফলে সাধারণ মানুষের হাঁটার জায়গা ছিল না। উচ্ছেদ অভিযানের পর মানুষ ফুটপাত ব্যবহারের সুযোগ ফিরে পেয়েছে এবং জনগণ এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। তবে আগে যারা সেখানে হকারি করতেন, তাদের বিকল্প স্থানে বসানোর ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকালে হকার প্রতিনিধি দল ও ডিএনসিসি প্রশাসক একমত হন যে, ৫ আগস্টের পর হকারদের কারণে সৃষ্ট সমস্যা আরো জটিল হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলা ও পুরোনো হকারদের পুনর্বাসনে উভয় পক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় উভয় পক্ষ পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির, গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও