প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন করা হয়েছে। দেশের ৫৪তম এ বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
আজ সোমবার (২ জুন) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট প্রস্তাবনা অনুমোদন করা হয়। বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে।
আজ বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। জাতীয় সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনসহ অন্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে সরকারী তথ্য বিবরণীতে।