আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত নিষ্কাশন ও অপসারণ করে পরিবেশ সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় ঢাকায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে। এছাড়া ঈদ জামায়াত যাতে বৃষ্টির কারণে বিঘ্নিত না হয় সেজন্য জাতীয় ঈদগাহ ময়দানে ত্রিপল এবং আকাশ মেঘলা থাকলেও জামায়াত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য লাইটিংয়ের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে।
এতে আরো বলা হয়, কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের সব মসজিদের ইমাম নামাজের খুতবার আগে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং কোরবানির হাটের বর্জ্য অপসারণের বিষয়ে মুসল্লিদের সচেতন করা নির্দেশনা দেয়া হয়েছে। সব মাদ্রাসার প্রধানকে লবণের সঠিক ব্যবহারের মাধ্যমে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
ঈদ উপলক্ষে ঢাকায় প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপে ঈদ মোবারক সম্বলিত ব্যানার এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সব শিশু পার্ক এবং দর্শণীয় স্থানে প্রবেশের ব্যবস্থা করা হবে। এছাড়া, মহানগরীতে প্রীতি ফুটবল ম্যাচ এবং শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হবে।
সভায় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ঈদুল আযহা উদযাপন কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।