সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি পুনরুদ্ধার করা হয়।

টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি পুনরুদ্ধার করা হয়। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজনের দখলে ছিল।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার করা জমিতে ১১ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাল, চিকরাশি, পিতরাজ, জারুল, পলাশ, লোহাকাঠ, কড়ই, আমলকি, হরীতকী, বহেড়া ও নিম প্রজাতির চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও