গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে নববর্ষ উপলক্ষে মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল লাঠিখেলা। আজ সোমবার (১৪ এপ্রিল) গাংনী উপজেলা চত্বরে ঐতিহ্যবাহী এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামেন লাঠিয়ালরা। তারা কখনো ঢোল আর কাঁশরের তালে তালে নেচে নেচে তাদের কসরত দেখান, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে চালান লাঠি ও সড়কি। প্রতিপক্ষ লাঠিয়াল সেই আঘাত ঠেকিয়ে প্রতিঘাত করতে সদা প্রস্তুত বেতের তৈরি ঢাল আর লাঠি নিয়ে। আবার কেউ লাঠি ঘুরিয়ে দর্শকদের আকৃষ্ট করেন।
এক সময় চোর-ডাকাত আর প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে লাঠিখেলার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এ ছাড়া দর্শকদের আনন্দেরও খোরাকও যোগায় এ খেলার কলাকৌশল ও খেলোয়াড়দের শারীরিক কসরত।