বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি পুনর্বিবেচনার আশ্বাসে টানা তিনদিন পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ প্রতিনিধি দলের হাতে চাবি হস্তান্তরের মাধ্যমে কার্যালয়টি খোলা হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত ৭ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে নতুন জেলা কমিটি গঠন এবং অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে সজীব সাহা সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নতুন কমিটির তালিকা ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা রাত সাড়ে ৯টার দিকে টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা জেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ বঞ্চিত আন্দোলনরত নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিনিয়র নেতারা আন্দোলনরত ছাত্রলীগের নেতাদের সঙ্গে একমত পোষণ করেন এবং জেলা ছাত্রলীগের কমিটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রে চিঠি দেয়ার আশ্বাস দেন।