যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে মাথায় চারটি সেলাই দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে রয়েছেন।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, নিজের বাড়িতে এসে এমন ঘটনার শিকার হবেন, তা তিনি ভাবতে পারেননি। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি এলাকাটি পরিষ্কার করতে চেয়েছিলেন, এতে অনেকের সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা করবেন বলেও জানান এ অভিনেতা।
তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। মুঠোফোনে তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা হয়েছে বলে মেকানিক জাহাঙ্গীর তাকে জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।