কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিলের কচুরিপানার নিচ থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদের পাশে গোদ্ধারের বিলে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশের ধারণা, তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহতের সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন তার মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত সহিবুর রহমান স্বপনের বাড়ি নাগেশ্বরীর সাতানী পাড়ায়। বিলের পাশে হলিকেয়ার ক্লিনিকের মালিক ছিলেন তিনি। কয়েক বছর আগে তিনি গোদ্ধারের বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামে একটি আবাসন প্রকল্প তৈরি করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।