তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পে সরকারি ভর্তুকি ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতারা। শিল্পনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ রফতানি পণ্যে ভর্তুকির কথা থাকলেও বাস্তবে পরোক্ষ রফতানি পণ্যে তা দেয়া হচ্ছে না বলে জানান তারা ।
বিজিএপিএমইএ নেতারা জানান, ভারতে, চীনে ও ভিয়েতনামে এ খাতে সরকার ৪ থেকে ১৭ শতাংশ পর্যন্ত প্রণোদনা দিয়ে থাকে। আমরা দেশের প্রায় শতভাগ এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য সরবরাহ করি। তারপরও এ খাতে কোন প্রণোদনা নেই। আমাদেরকে সরকারিভাবে প্রণোদনা ও নীতি সহায়তা দিলে একটি বৃহৎ লাভজনক শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ‘গ্যাপ এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএপিএমইএ নেতারা। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৪ দিনব্যাপী গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৬) ও গ্যাপ এক্সপো ২০২৬ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার। তিনি জানান, আগামী ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিজিএপিএমইএ ও এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে আইসিসিবির ১০টি হলজুড়ে এ প্রদর্শনী হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের মেলায় ৩০ থেকে ৪০ হাজার ব্যবসায়ীসহ প্রায় ৮০ হাজার দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এতে ১৮টির বেশি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানি।