মেহেরপুরের গাংনীতে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন যুবক। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শাবকগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেন। গতকাল সকালে বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে একটি কবরস্থানের পাশে তিনটি মেছো বাঘের শাবককে খেলতে দেখা যায়। পরে কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন। তাদের ধারণা, খাবারের সন্ধানে মা মেছো বাঘটি আশপাশ এলাকায় চলে যাওয়ার পর শাবকগুলো ওই স্থানে অবস্থান করছিল। শাবকগুলোর নিরাপত্তা বিবেচনা করে যেখানে পাওয়া গেছে, তার আশপাশের নিরাপদ স্থানে সেগুলো রেখে দেয়া হয়েছে। জেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হামিম হায়দার জানান, মেছো বাঘ বাংলাদেশের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। কোথাও মেছো বাঘের শাবক পাওয়া গেলে তা ধরা বা ভয় দেখানো উচিত নয়।