জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে পথে থাকা কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৬৫০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়া হবে।
আজ সোমবার দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি কুকুরকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন পৌরসভার চিকিৎসা কর্মকর্তা ডাক্তার কৃষ্ণপদ সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা মূলত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়। শহরকে জলাতঙ্কমুক্ত রাখতে টিকাদানের পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।
আয়োজকেরা জানান, ১৫ দিনের এই কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার সরাসরি মাঠে কাজ করবেন। টিকা দেয়া শেষ হলে চেনার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রং দেয়া হবে।
এছাড়া পৌর এলাকার কোনো প্রাণী জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে এবং ব্যবস্থা নিতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপ কার্যকরভাবে চালু করার কথা জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনসহ সংশ্লিষ্ট আরো কয়েকজন উপস্থিত ছিলেন।