হাতিরঝিলে পহেলা বৈশাখ উদযাপনে এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ পার্টনার হিসেবে অংশ নিল শক্তি ফাউন্ডেশন

রাজধানীর হাতিরঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গ্রুস ইভেন্ট কর্তৃক আয়োজিত চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন উৎসবে আনুষ্ঠানিক এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে শক্তি ফাউন্ডেশন। পার্টনারশিপের অংশ হিসেবে সংস্থাটি দুদিনব্যাপী এ উৎসবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে এবং আগত দর্শনার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।

গত সোমবার হাতিরঝিল ব্যবস্থাপনা ভবন সংলগ্ন পার্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমান এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। এ সময় শক্তি ফাউন্ডেশন ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, এ উৎসবে আনুষ্ঠানিকভাবে পরিবেশ ও স্বাস্থ্য পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রাজউকের সঙ্গে আমাদের পার্টনারশিপের আওতায় আমরা এরই মধ্যে রাজধানীতে ২৪ হাজার বৃক্ষ রোপণ করেছি। তাদের সঙ্গে আগামী জুনের মধ্যে আরো ২৬ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবার সঙ্গে মিলে একটি সবুজ ও সুন্দর রাজধানী গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এছাড়াও উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের গাছ উপহার দেয়া হয়। শক্তি ফাউন্ডেশনের হেলথ কর্নার ও মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার পরিমাপ, হিমোগ্লোবিন টেস্ট ও চিকিৎসকের পরামর্শসহ ১৪৮ জন দর্শনার্থীকে জরুরি স্বাস্থ্যসেবা দেন।

রাজউকের সার্বিক সহযোগিতায় হাতিরঝিল এম্ফিথিয়েটার ও সংলগ্ন এলাকায় দুদিনব্যাপী এ উৎসব আয়োজন করে গ্রুস ইভেন্ট। এ আয়োজনে আনুষ্ঠানিক পরিবেশ ও স্বাস্থ্য পার্টনার হিসেবে অংশগ্রহণ করে শক্তি ফাউন্ডেশন। নগর সবুজায়নের প্রতি সংস্থাটির অঙ্গীকারের অংশ হিসেবে এ পর্যন্ত হাতিরঝিল এলাকায় প্রায় চার হাজার গাছ রোপণ করা হয়েছে।

শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, যা জলবায়ু পরিবর্তন, নগর সবুজায়ন, স্বাস্থ্যসেবা এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে কাজ করে। সরকারি সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শক্তি ফাউন্ডেশন সারা বাংলাদেশে টেকসই উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।-বিজ্ঞপ্তি

আরও