চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৮০ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেক পোস্টে বসিয়ে এসব উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক মো. ফরিদ মিয়া (২৫) ও হেলপার মো. নুর হোসেন সবুজ (২৭)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকা নিয়ে যাওয়ার খবরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান সন্দেহ করা হলে তা থামিয়ে তল্লাশির সময় চালকের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ মোড়ানো ১৬টি পোটলা থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য চার কোটি ৮০ লাখ টাকা। এ সময় কাভার্ডভ্যানের চালক ফরিদ মিয়ার কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা বিশুদ্ধ পানি সরবরাহ করার আড়ালে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করতেন। এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।