মুহুরী-কহুয়া বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করতে ১৭ সেপ্টেম্বর ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) সকাল থেকেই প্রস্তুতি ও প্রাথমিক কাজকর্ম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৫ আগস্ট পরশুরামে ‘ফেনী জেলাধীন পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) সকাল থেকেই প্রস্তুতি ও প্রাথমিক কাজকর্ম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

প্রকল্প পরিদর্শনকালে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আক্তার নূর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এই এলাকায় ব্যাপক প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রতিবেশী দেশ ভারত বাঁধ খুলে দেয়ায় প্লাবিত হয়ে এ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো জানান, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১ হাজার ৫৪২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীভাঙনে প্রতি বছর ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হওয়া থেকে রক্ষায় এ প্রকল্প বড় ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর প্রতিরক্ষা ও সেচ অবকাঠামো সংস্কার করা হবে। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

আরও