দায়িত্বশীল কর্মকর্তার কাজ হওয়া উচিত জনকল্যাণমূলক: ভূমি উপদেষ্টা

ভূমি সংক্রান্ত সমস্যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, ভূমিসেবার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও।

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি প্রশাসন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রাষ্ট্রীয় সম্পদ, আর এ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডরা। এর সঙ্গে প্রশাসনিক কাজেও যুক্ত থাকতে হয় তাদের। তবে দায়িত্ব যতই বহুমাত্রিক হোক না কেন, ভূমি সেবায় কোনো গাফেলতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা।

আজ রোববার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অক্টোবর ২০২৫ এর কমিশনার সমন্বয় সভা’তে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

সভায় জানানো হয়, ৩০ অক্টোবর সারাদেশে নামজারির ভার্সন ২ দশমিক ১ সফটওয়্যার চালু করা হবে। সেইসঙ্গে ভূমি উন্নয়ন করের একটি অ্যাপসও চালু হবে। সঠিকভাবে অনলাইনে ভূমিসেবা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ছয় হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, প্রয়োজনে আরো প্রশিক্ষণ দেয়া হবে।

ভূমি অফিসগুলোকে আধুনিক ও জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। ভূমি সংক্রান্ত সমস্যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, ভূমিসেবার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও।

ভূমি উপদেষ্টা আরো বলেন, ভূমিসেবাকে আধুনিক ও সহজ করতে সরকার এরইমধ্যে একাধিক উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রমের মূল চালিকা শক্তি এসি ল্যান্ড। আর তাদের পদপ্রদর্শক কমিশনাররা। তাই তাদের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি একটি জনসেবামূলক অঙ্গীকার।

সভায় বিভাগীয় কমিশনার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও