রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিলের সময় আরো ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। গতকাল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ নির্দেশনার আওতায় থাকবে রংপুর জেলা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
এদিকে রংপুর মহানগর এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা বেড়েছে। অনেকেই ঘর থেকে বাইরে বের হয়ে প্রয়োজনীয় কাজ সারছেন। দূরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস ছেড়েছে। নগরবাসীর মধ্যে আতঙ্কও কাটতে শুরু করেছে।
অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি ও সরকারি অফিসে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে এ পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এসব মামলায় ৫০০ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচ হাজারজনকে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, রংপুরে কয়েকদিনে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর হয়েছে। সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন অডিও-ভিডিও সংগ্রহ করে পাঁচ শতাধিক অপরাধী চিহ্নিত করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, মহানগরসহ জেলায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা কাজ করছেন। দ্রুতই সব কিছু স্বাভাবিক হবে বলে আশাবাদী জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।