খুলনায় ট্রেনের ধাক্কায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু

এসআই এসএম রায়হান জানান, দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে প্রথম দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণ এবং সকাল ৯টার দিকে দ্বিতীয় দুর্ঘটনায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন।

নিহতরা হলেন ফুলবাড়ীগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান জানান, শনিবার সকাল ৬টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ী মেইন গেটে পৌঁছালে সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এতে তার একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারকে খবর দেয়া হয়।

এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও