গাজীপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর কার্যকর ব্যবহার বাড়াতে মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই বলে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। বুধবার (১৪ অক্টোবর) ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা বিএসটিআইয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এর মান বজায় রাখার তাগিদ দেন। পাশাপাশি জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মান যাচাই ও সার্টিফিকেশন কার্যক্রম জোরদার করার কথা বলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এম রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান এবং গাজীপুরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জাসেম ফারহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ। বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম মাহফুজ আলম।
বিশেষ অতিথির বক্তব্যে এম রকিবুল হাসান বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি পণ্যের মান নিশ্চিত করা অপরিহার্য। ভোক্তা পর্যায়ে পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার নজির শিক্ষা, চিকিৎসা, পণ্যসামগ্রী ও উৎপাদনসহ প্রতিটি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি গাজীপুরে একটি টেস্টিং ল্যাবরেটরি বা পরীক্ষাগার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, স্থানীয় পর্যায়ে পরীক্ষাগার স্থাপন করা গেলে পণ্যের মান যাচাই ও পরীক্ষার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
স্বাগত বক্তব্যে এস এম তালাত মাহমুদ বিএসটিআইয়ের কার্যক্রম ও গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্যের মান নিয়ন্ত্রণ, জ্বালানির কার্যকর ব্যবহার এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।