ডেঙ্গুতে ৩ জন ও হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬২ জন। এতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছে আরো দুই শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের তিনজনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে চলতি মাসের এ পর্যন্ত মারা গেছে ১৭৩ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬২ জন। এতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।

একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে আছে ৪৩৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ১৩১, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮, সিলেটে ১১ ও বরিশালে ১৮২ জন ভর্তি হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ১ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জন মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের।

হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ১৭১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৬ জন, চট্টগ্রামে ২৫৯, সিলেটে ১৩৬, বরিশালে ১৩০, খুলনায় ১১৪, ময়মনসিংহে ১০৪, রংপুরে ২৮ ও রাজশাহীতে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

আরও