স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম কমে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা ভরিতে নেমে এসেছে। যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৯০৭ টাকা।