ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং একই ইউনিয়নের কাজীর শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে মাহিন্দ্রটি সামনে থাকা আরেকটি মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। কিছুদূর যাওয়ার পর বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে একটি স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়।
এ সময় এলাকাবাসী সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া অটোরিকশার অপর চার যাত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই নারী, এক শিশু ও একজন পুরুষ রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর ইউনাইটেড পরিবহনের চালক পালিয়ে গেছেন। গুরুতর আহত চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।