লিভার রোগ নির্ণয়ে একসঙ্গে কাজ করবে আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডা

অনুষ্ঠানে কেএনএস কানাডার (বিডি) পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান-দ্য প্লাটফর্ম ফর দ্য ডায়াগনোসিস অব দ্য কনসিকুয়েন্স অব ক্রনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

লিভারের দীর্ঘস্থায়ী রোগ নির্ণয় ও মূল্যায়নে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ সময় চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালারও আয়োজন করা হয়। আকিজ রিসোর্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কেএনএস কানাডার (বিডি) পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান-দ্য প্লাটফর্ম ফর দ্য ডায়াগনোসিস অব দ্য কনসিকুয়েন্স অব ক্রনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, লিভারের দীর্ঘস্থায়ী রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক এ ডায়াগনস্টিক প্রযুক্তি কীভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় আকিজ মেডিপ্লেক্সের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদসহ প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডা (বিডি) চিকিৎসাক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার প্রসারে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

আরও