নেত্রকোনার আটপাড়ায় নদীতে গোসল করতে নেমে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সোনাজুর এলাকায় মগড়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ কৃষকের নাম আব্দুল হক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে আব্দুল হক নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেছে। উদ্ধার কাজ চলছে।