সিপিসি নেতাকে বিদায় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের আগে রোহিঙ্গা ইস্যুতে স্থিতিশীলতা দরকার

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের সম্ভাবনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘সরকার ইতিবাচক। এ প্রস্তাব ইতিবাচক।

বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। তবে এ ধরনের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান ও সংশ্লিষ্ট অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ করিডোর চালু হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বাড়বে। একই সঙ্গে পণ্য ও মানুষের চলাচলও সহজ হবে।

গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের সম্ভাবনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘সরকার ইতিবাচক। এ প্রস্তাব ইতিবাচক। বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি করিডোর উন্মুক্ত হবে। স্বাভাবিকভাবেই এর ফলে অর্থনৈতিক মিথস্ক্রিয়া বাড়বে, অর্থনৈতিক গতিশীলতা তৈরি হবে, পণ্য ও মানুষের চলাচল বাড়বে। এটা ভালো দিকে যাবে।’

তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এটি করার আগে রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে স্থিতিশীলতা দরকার আছে।’

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা করে তিনি পালিয়ে গেছেন। তাকে কি আমরা একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে দেখব যে তাকে পাসপোর্ট দেব, আর তিনি আসবেন? এসে তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়িয়ে যাবেন? তাকে আমরা হস্তান্তর হিসেবে চাই।’

তিনি আরো বলেন, ‘তাকে হস্তান্তর করা হবে। তিনি একজন সন্ত্রাসী ও পলাতক অপরাধী। বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধী ও সন্ত্রাসীদের হস্তান্তরের সুযোগ রয়েছে।’

গতকাল দুপুরে ঢাকা সফর শেষে দেশে ফিরে যান চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও