রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

রাজধানীর সড়কে এক বছরে প্রাণহানি বেড়েছে ৮০ শতাংশ

রাজধানী ঢাকায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা হয়েছে ২৫৯টি। এসব দুর্ঘটনায় ২৪৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২২৭ জন। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, এ সংখ্যা আগের বছরের তুলনায় ৯৭ দশমিক ৭০ শতাংশ বেশি। প্রাণহানিও বেড়েছে ৭৯ দশমিক ৫৬ শতাংশ

রাজধানী ঢাকায় ২০২২ সালে সড়ক দুর্ঘটনা হয়েছে ২৫৯টি। এসব দুর্ঘটনায় ২৪৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২২৭ জন। এ সংখ্যা আগের বছরের তুলনায় ৯৭ দশমিক ৭০ শতাংশ বেশি। প্রাণহানিও বেড়েছে ৭৯ দশমিক ৫৬ শতাংশ।

আজ শনিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশন এ সব তথ্য জানিয়েছে। আরো বলা হয়, গত চার বছর ধরে সময়ের পাল্লা দিয়ে সারাদেশেই বাড়ছে সড়কে দুর্ঘটনা ও নিহতের সংখ্যা। একেকটি বছরে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে পরের বছরগুলোকে।

২০২২ সালে দেশজুড়ে আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৭ দশমিক ১৪ শতাংশ। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যাও আগের বছরের তুলনায় বেড়েছে যথাক্রমে ২২ দশমিক ৭৪ শতাংশ ও ৬৮ দশমিক ৯২ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় ২০২১ সালও ছাড়িয়েছিল আগের বছরের সীমা। বছরটিতে ২০২০ সালের তুলনায় দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ে যথাক্রমে ১৩ দশমিক ৪৩ শতাংশ ও ১৫ দশমিক ৭০ শতাংশ। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যথাক্রমে দশমিক ৮৯ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ে। সব মিলিয়ে গত ৪ বছরের মধ্যে সদ্যবিগত বছরে দুর্ঘটনা ও প্রাণহানির মাত্রা ছিল সর্বোচ্চ।

২০২২ সালে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানব সম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ১৮ হাজার ৪৬ কোটি টাকার মতো। সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকায় এই হিসাবের সঙ্গে আরো ৩০ শতাংশের যোগ করার কথা বলছে সংস্থাটি।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, ২০১৯ সালে সড়কে মোট দুর্ঘটনা হয়েছে ৪ হাজার ৬৯৩টি ও নিহত হয়েছেন ৫ হাজার ২১১ জন। ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি দুর্ঘটনায় নিহত হন ৫ হাজার ৪৩১ জন। ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৬ হাজার ২৮৪ জনের। গত বছর ৬ হাজার ৮২৯টি দুর্ঘটনায় সড়কে প্রাণ ঝরেছে ৭ হাজার ৭১৩ জনের।

গত চার বছরের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছাড়া অন্যান্য দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কাছাকাছি। মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির কারণেই ২০২০, ২০২১ এবং ২০২২ সালের দুর্ঘটনা ও প্রাণহানির মোট সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

তারা বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৫৪ দশমিক ৮১ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৫০ দশমিক ৪৭ শতাংশ এবং প্রাণহানি বাড়ে ৫১ দশমিক ৩৩ শতাংশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ে ৪৩ দশমিক শূন্য ৭ শতাংশ এবং প্রাণহানি বাড়ে ৩৯ দশমিক ৬১ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২২ সালে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৯৭৩টি, নিহত হয়েছেন ৩ হাজার ৯১ জন। যা মোট প্রাণহানির ৪০ শতাংশ। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ১৫৪ জন।

মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ শনাক্ত করেছে সংস্থাটি। চালকদের বিরাট অংশ কিশোর ও যুবক। ট্রাফিক আইন না জানা এবং না মানার প্রবণতাকেই দুর্ঘটনার প্রধান কারণ বলে দায়ী করছে তারা।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং বৈদ্যুতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

আরও